মাহী বি ও তার স্ত্রীকে হাজির হতে সময় দিল দুদক

বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব, মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ্ হক লোপাকে জিজ্ঞাসাবাদের জন্য নতুন তারিখ ঠিক করে ফের নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মাহী দম্পতি সময় চেয়ে আবেদন করায় বুধবার অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপপরিচালক জালাল উদ্দিন আহাম্মদ তাদেরকে আগামী ২৫ আগস্ট হাজির হতে নতুন করে নোটিশ পাঠান। কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত রোববার মাহী বি চৌধুরীর গুলশানের বারিধারার (রোড নং ১২, বাড়ি ১৯) ঠিকানায় আলাদা নোটিশে পাঠিয়ে এই দম্পতিকে ৭ আগস্ট সকাল সাড়ে ১০টায় দুদক প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছিল।

ওই নোটিশে বলা হয়, “মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থপাচারের মাধ্যমে জ্ঞাত আয় বহিভূর্ত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।”

পরে তারা অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য আরও সময় চেয়ে কমিশনে আবেদন করলে ২৫ আগস্ট তাদেরকে নতুন করে তলব করা হয় বলে জানান প্রণব।

দুদক গত জুন থেকে এই অভিযোগের অনুসন্ধান শুরু করে বলে কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন।