নির্বাচনে গন্ধ পেলেই প্রার্থী হয়ে যায় মকবুল। হোক পাড়ার ক্লাবের নির্বাচন কিংবা এলাকার মেম্বার নির্বাচন। এমনকি অবিবাহিত হয়েও স্কুলের অভিভাবক নির্বাচনে দাঁড়িয়ে পড়ে।
এ রকম মজার গল্পে আরটিভির জন্য নির্মিত হয়েছে ঈদ ধারাবাহিক ‘ম্যানেজ মকবুল’। সাত পর্বের নাটকটি লিখেছেন কথাসাহিত্যিক পলাশ মাহবুব। পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন।
এভাবে সব নির্বাচনে দাঁড়িয়ে বাগড়া দেওয়া মকবুলের স্বভাব। এটা তার কাছে অনেকটা ব্যবসার মতো। মূলত বাগড়া দিয়ে কিছু সুবিধা আদায়ের জন্য এ কাজ করে।
ফলে বাগড়া দিলেও মকবুল তাকে ম্যানেজ করার রাস্তা খোলা রাখে। আর মকবুলকে ম্যানেজ করা কঠিন কিছু না। প্রথমদিকে একটু গাই-গুঁই করে। নিজের দাম বাড়ায়।
বাগড়ার গুরুত্ব অনুযায়ী মকবুলকে খুশি করে দিলেই হাসি মুখে বসে পড়ে সে। এ কারণে এলাকায় তার নামই হয়ে যায় ম্যানেজ মকবুল। একপর্যায়ে ঘুরে যায় পরিস্থিতি। যে মকবুলকে সবাই ম্যানেজ করতে ব্যস্ত হতো সেই-ই উল্টো সবাইকে ম্যানেজ করতে উঠে পড়ে লাগে। কিন্তু কেন?
‘ম্যানেজ মকবুল’-এ নাম ভূমিকায় অভিনয় করেছেন জাহিদ হাসান। আরও আছেন অপর্ণা ঘোষ, আরফান আহমেদ, কাজী উজ্জ্বল, হিমে হাফিজ, সুখী-সহ অনেকে।
নাটকটি আরটিভিতে প্রচারিত হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন বেলা ২টায়।