ডেঙ্গু মোকাবিলায় ঢাকার দুই সিটি করপোরেশনকে ১৫ কোটি টাকা থোক বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
বুধবার সচিবালয়ে ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
দুই সিটি করপোরেশনকে সাড়ে সাত কোটি টাকা করে থোক বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবিলা করার জন্য তারা যাতে ব্যয় করতে পারে সে জন্য দেওয়া হয়েছে। অন্যান্য সিটি করপোরেশনগুলোর জন্য একটি অঙ্কের টাকা বরাদ্দ করে পাঠানো হয়েছে।
সব মিলিয়ে সিটি করপোরেশনগুলোকে মোট ২১ কোটি টাকা এবং পৌরসভাগুলোকে ৩০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
কোরবানির ঈদ ঘিরে ঢাকা থেকে দেশের বিভিন্ন অংশে যে যাত্রী পরিবহন ও যানবাহনের সংখ্যা কয়েক গুণ যায়, সে বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, এডিস মশা যাতে যানবাহনে করে অন্য জেলায় ছড়াতে না পারে, সে জন্য বাস, ট্রেনে ও লঞ্চ ছাড়ার আগে স্প্রে করা এবং পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে জেলা প্রশাসক ও পরিবহন মালিকদের।