ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ, রাষ্ট্রদূত প্রত্যাহার করছে পাকিস্তান

কাশ্মীরকে দিল্লির শাসনের আওতায় নিয়ে আসার প্রতিক্রিয়া হিসেবে ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে পাকিস্তান। একই সঙ্গে ইসলামাবাদ থেকে ভারতের রাষ্ট্রদূতকে বহিষ্কার এবং দিল্লি থেকে পাকিস্তানের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। 

জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়ার ৩৭০ ধারা প্রত্যাহার এবং রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে ভারত সরকারের পদক্ষেপের পর বুধবার এ সিদ্ধান্ত নিল পাকিস্তান। 

ভারতের এ পদক্ষেপের বিরুদ্ধে পাকিস্তান জাতিসঘের নিরাপত্তা পরিষদে যাওয়ারও হুমকি দিয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতি এসব জানানো হয়।

দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। 

এতে আরো উপস্থিত ছিলেন, আমলা ও সেনা কর্মকর্তারা। 

পাকিস্তান প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বুধবার রাতে এক টুইটে বলা হয়, বৈঠকে তারা কাশ্মীর ইস্যুতে যেসব সিদ্ধান্ত নিয়েছেন সেগুলো হলো- “ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করা, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করা, দ্বিপাক্ষিক চু্ক্তি পুনর্বিবেচনা করা, বিষয়টি নিয়ে নিরাপত্তা পরিষদসহ রাষ্ট্রসংঘের দ্বারস্থ হওয়া এবং ১৪ অগস্ট দিনটিকে বীর কাশ্মীরীদের প্রতি সহমর্মিতা জানানো হবে”। 

দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরাইশি গণমাধ্যমকে জানান, আমাদের রাষ্ট্রদূত সেখানে আর অবস্থান করবে না তাদের রাষ্ট্রদূতকেও আমরা ইসলামাবাদে রাখব না।  

খবর, এনডিটিভি, দ্য ডন।