নুসরাত হত্যা মামলা: পিবিআই কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের পর আগুনে পুড়িয়ে হত্যার মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক সন্তোষ কুমার চাকমার সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে।

বুধবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে তিনি সাক্ষ্য দেন। পরে আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করে।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী হাফেজ আহাম্মদ দেশ রূপান্তরকে জানান, নুসরাত হত্যা মামলায় বিচারক, পুলিশ ও চিকিৎসকসহ ৯২ সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত বাদীসহ ৮০ জনের সাক্ষগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। সাক্ষ্যগ্রহণ ও জেরা চলাকালে আদালতে নুসরাত হত্যা মামলার ১৬ আসামি উপস্থিত ছিলেন।

তিনি আরও জানান, নুসরাত হত্যা মামলায় আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক সোহেল মাহমুদ, প্রদীপ বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস, মো. ওবায়দুল ইসলাম, এ কে এম মনিরুজ্জামান এবং জ্যেষ্ঠ সেবিকা অর্চনা পালের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।

সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাতকে যৌন নির্যাতনের অভিযোগে একই মাদ্রাসার অধ্যক্ষ (পরবর্তী সময়ে বরখাস্ত) সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে মামলা হয়। এতে অধ্যক্ষ ও তার অনুসারীদের রোষানলে পড়ে নুসরাত।

এরই ধারাবাহিকতায় গত ৬ এপ্রিল সকালে ওই মাদ্রাসার সাইক্লোন শেল্টার ভবনের ছাদে নুসরাতের গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয় মুখোশধারী কয়েকজন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ার পর জীবনাবসান ঘটে তার।