মাদ্রাসার ছাত্ররাই ঢাকা থেকে এডিস মশা দূর করতে পারবে: মেয়র আতিক

মাদ্রাসার ছাত্ররাই ঢাকা থেকে এডিস মশা দূর করতে পারবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

রোববার রাজধানীর কাফরুলে জামিউল উলুম মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক এক কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, আপনারা কোরআনের হাফেজ। আপনারা যারা কোরআন নিয়ে আছেন আপনাদের মন পরিষ্কার। আমার বিশ্বাস মাদ্রাসার ছাত্ররাই পারবে ঢাকা থেকে এডিস মশা দূর করতে। ডেঙ্গু মশা বাঘ বা সিংহের চেয়েও ভয়াবহ। এদের বিরুদ্ধে জিহাদ করতে হবে।

তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে জনগণকে সচেতন হতে হবে। সবকিছু আল্লাহর গজব বলে চালিয়ে দেওয়া ঠিক না। আমাদের চারপাশ আমাদের পরিষ্কার রাখতে হবে।

সভায় প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, এডিস মশা আমাদের শত্রু। তাই শত্রুকে চিনতে হবে, জানতে হবে। তাহলেই যুদ্ধের কৌশল বোঝা যাবে। ডেঙ্গুর সময় শুধু প্যারাসিটামল ওষুধ খাওয়া যাবে ও প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার খেতে হবে। দীনের দাওয়াত যেভাবে আমরা সবাইকে দিই সেভাবে ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক বার্তা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। আপনাদের কথা সবাই শুনে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার জয়নুল বারী, ঢাকা জেলার জেলা প্রশাসক সালেহ মোহাম্মদ ফেরদৌস খান। আর এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল আবুল বাশার নোমানী।