নড়াইল সদর হাসপাতাল পরিদর্শন করে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, বাংলাদেশে ডেঙ্গু নিয়ে ক্রাইসিস চলছে। ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নড়াইল সদর হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শনকালে এসব কথা বলেন।
পরে তিনি হাসপাতালের শিশু ওয়ার্ডসহ অন্যান্য ওয়ার্ড পরিদর্শন করেন। এসময় তিনি রোগীদের সঙ্গে কথা বলেন এবং রোগীরা চিকিৎসাসেবা ঠিকমতো পাচ্ছেন কি-না সে ব্যাপারে খোঁজখবর নেন।
হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং বিকল যন্ত্রপাতি সচল করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
মাশরাফী বলেন, আগে জীবন বাঁচাতে হবে। অর্থের কথা চিন্তা করে মেশিন নষ্টভাবে ফেলে রাখা যাবে না।
পরিদর্শন শেষে নড়াইল সদর হাসপাতালের সম্মেলন কক্ষে সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যোগদান করেন এমপি।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাশরাফী বিন মোর্ত্তজার সভাপতিত্বে সভায় বিভিন্ন সমস্যা ও সমাধানের লক্ষ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), সিভিল সার্জন ডা. আসাদ উজ জামান মুন্সী, সদর হাসপাতালের তত্ত্বাধায়ক ডা. আব্দুস শাকুর, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, হাসপাতালের চিকিৎসা সেবার মান বাড়াতে হবে। যে সকল পদ শূন্য রয়েছে পর্যায়ক্রমে পদায়নের মাধ্যমে চিকিৎসা সেবার মান বাড়াতে হবে। ইতোমধ্যে শূন্যপদে চারজন চিকিৎসক পদায়ন করায় এমপি মাশরাফী বিন মোর্ত্তজাকে আন্তরিক ধন্যবাদ জানানো হয় কমিটির পক্ষ থেকে।
সভাপতির বক্তব্যে এমপি মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, হাসপাতালের সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা চলছে। চিকিৎসক ও কর্মচারীর পদায়নের ব্যাপারে চেষ্টা চলছে। আপনাদের সকলের আন্তরিকতায় আশা করি হাসপাতালের চিকিৎসা সেবার মান সন্তোষজনক হবে।’