জামালপুরের দেওয়ানগঞ্জে ভিজিএফয়ের চাল নিয়ে ফেরার পথে ৩০ যাত্রী নিয়ে যমুনা নদীতে নৌকাডুবিরর ঘটনা ঘটেছে। বুধবার রাত ৮টার দিকে ফুটানী বাজারঘাট থেকে চর হলকা হাবড়া বাড়ি এলাকায় যাওয়ার পথে টিনের চরের কাছে পৌঁছলে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ৬ জন।
দেওয়ানগঞ্জ থানার ওসি এম এম মইনুল ইসলাম জানান, চুকাইবাড়ী ইউনিয়ন থেকে ভিজিএফ চাল নিয়ে যাওয়ার সময় মাঝনদীতে প্রবল বাতাসে সৃষ্ট ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২২ জনকে দেওয়ানগঞ্জ ও ইসলামপুরের বিভিন্ন চর এলাকা থেকে উদ্ধার করা হয়।
এছাড়াও মমতা আক্তার বিথি নামে এক শিশুকে বগুড়ার সারিয়াকান্দি চন্দনবাইশার ঘুঘুমারি থেকে জীবিত উদ্ধার করে স্থানীয়রা।
তার বাবার নাম মইন উদ্দিন। মমতাকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিখোঁজ যাত্রীরা হলেন শহীদ সিকদার(৪৫), কাঞ্চন মালা (৪৫), রেজিয়া (৪৫), নয়ন (৮), দুলাল (৩০) ও মোছা. আকন (৬৫)। নিখোঁজ এবং উদ্ধার সকলের বাড়ি চর হলকা হাবড়া বাড়ী এলাকায়।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুর উদ্দিন অলি জানান, বুধবার রাত ৮টায় নৌকাডুবির পর রাত ১টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে ১৬ জনকে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জীবিত উদ্ধার করে।
এরপর বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। দুপুর পর্যন্ত জামালপুরের দেওয়ানগঞ্জ ও ইসলামপুরের বিভিন্ন চর থেকে ৭ জন ও বগুড়ার সারিয়াকান্দি থেকে এক শিশুকে উদ্ধার করে স্থানীয়রা। স্রোতের গতিবেগ বেশি থাকায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে।