গভীর রাতে ফুটপাতে আন্দালিব পার্থের মশারি বিতরণের ভিডিও ভাইরাল

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে গভীর রাতে রাজধানীর ফুটপাতে শুয়ে থাকা লোকদের মাঝে মশারি বিতরণ করতে দেখা গেছে।

বুধবার সকালে ফেসবুকে তার মশারি বিতরণের ভিডিও ভাইরাল হয়। 

ভিডিতে দেখা যায়, গভীর রাতে নিস্তব্ধ সড়কের ফুটপাতে ঘুমন্ত ছিন্নমূল মানুষদের জাগিয়ে তাদের মশারি বিতরণ করছেন পার্থ।

মশারি দিয়ে তা তখনই টানিয়ে ঘুমাতে বলেন আন্দালিব পার্থ। 

জানা গেছে, ঘটনাটি মঙ্গলবার রাতের। গভীর রাতে বের হয়ে গুলশান-১ ও ২, বনানী, কাকলী ও মহাখালী এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে মশারি বিতরণ করেন আন্দালিব রহমান পার্থ।

আন্দালিব রহমানের এপিএস জুয়েল আসিফ জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থে‌কে ২টা পর্যন্ত একাই ঢাকা-১৭ আসনের বিভিন্ন এলাকায় মশারি বিতরণ করেন বিজেপি চেয়ারম্যান।

এসব এলাকা ছাড়া রাজধানীর বি‌ভিন্ন স্থা‌নে গ‌রিব মানু‌ষের মা‌ঝে মশারি বিতরণ অব্যাহত রাখা হ‌বে বলেও জানান জুয়েল আসিফ।

একাদশ জাতীয় সঙসদ নির্বাচনে রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত ঢাকা-১৭ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন বিজেপি চেয়ারম্যান পার্থ। যদিও নির্বাচনের কিছুদিন পর বিএনপির সঙ্গে ২০ বছর ধরে চলা রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করে জোট থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে আসেন তিনি।