ডেঙ্গুজ্বরের বাহক এডিস মশা নিধনে সিটি করপোরেশন কার্যকর কোনো ওষুধ আনেনি বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডে ডেঙ্গুজ¦র প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণকালে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী বলছেন যে, ডেঙ্গুর জন্য যথেষ্ট ব্যবস্থা নিয়েছেন। কী ব্যবস্থা নিয়েছেন? আপনার সিটি করপোরেশন কী ব্যবস্থা নিয়েছে? সিটি করপোরেশন তো এখানে অনেক ধরনের কথা বলেছে, তামাশামূলক কথাবার্তা বলেছে। তিনি বলেন, তারা কোটি কোটি টাকা দিয়ে যে ওষুধ নিয়ে এসেছে সেটা হচ্ছে মশার ঘুমের ওষুধ, মশা কিছুক্ষণ ঘুমিয়ে থাকবে শান্তির মধ্যে সেই ওষুধ। প্রকৃতপক্ষে মশা নির্মূল হবে, নিধন হবে সেই ওষুধ আনেনি। সেটা অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। বিএনপি নেতা রিজভী বলেন, আজকে দেশের দুর্যোগ-দুর্বিপাকে সরকার একেবারে উদাসীন হচ্ছে। গণবিরোধী সরকার এ ধরনের চরিত্র ধারণ করতে পারে। সরকার ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেয়নি বরং এখনো মানুষের জীবন-মৃত্যু নিয়ে খেলা করছে।