রাজধানীর আশকোনায় নির্মাণাধীন একটি ভবনে রড কাটার মেশিন (গেন্ডিং মেশিন) বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম হাফিজ উদ্দিন (৪০)। তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি সহকর্মীরা।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আবদুল খান তার সহকর্মীদের বরাতে দেশ রূপান্তরকে জানান, রড কাটার মেশিন বিস্ফোরণে নির্মাণ শ্রমিক হাফিজ উদ্দিনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। স্থানীয় থানা পুলিশ বিষয়টি দেখভাল করছেন।
হাফিজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী জিসান দেশ রূপান্তরকে জানান, আশকোনা মেডিকেল রোডে একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় বিকেলে রড কাটাছিলেন হাফিজসহ তারা তিনজন। এ সময় হাফিজের কাছে থাকা গেন্ডিং মেশিনের চাকা ঘুরতে ঘুরতে হঠাৎ প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরিত মেশিনের অংশ তার চোখে, মুখে ও মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।