আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব পদে দায়িত্ব পেয়েছেন মো. গোলাম সারওয়ার। গত বুধবার (৭ আগস্ট) মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আবু সালেহ শেখ মো. জহিরুল হকের সচিব পদে চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হওয়ায় একই বিভাগের জ্যেষ্ঠ যুগ্ম সচিব মো. গোলাম সারওয়ারকে এ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। ৭ আগস্ট আবু সালেহ শেখ মো. জহিরুল হকের চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হয়। 

গোলাম সারওয়ার দশম বিসিএস পরীক্ষার মাধ্যমে জুডিশিয়াল ক্যাডারে যোগদান করেন। এরপর ১৯৯৮ সালে সিনিয়র সহকারী জজ, ২০০৩ সালে যুগ্ম জেলা জজ ও দায়রা জজ, ২০০৭ সালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ২০১৫ সালে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পান তিনি।

ঢাকা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কিশোরগঞ্জ জেলায় বিচারিক দায়িত্ব পালন করেছেন গোলাম সারওয়ার। ২০১৫ সালের ডিসেম্বর থেকে আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিবের দায়িত্ব পালন করছিলেন তিনি।