কাশ্মীর নিয়ে ক্ষোভ দেখানোয় সাকিবকে পাকিস্তান পাঠানোর হুমকি

জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপকে কেন্দ্র করে নানা ধরনের বিতর্ক হচ্ছে ভারতে জুড়ে। এর মধ্যে নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করে অনেকে হুমকি পাচ্ছেন। ব্যতিক্রম হয়নি বলিউড অভিনেতা সাকিব সালিমের ক্ষেত্রেও।

‘রেস থ্রি’ অভিনেতা বলেন, “কাশ্মীরে কিছু হয়নি। সবকিছু ঠিকই রয়েছে। গোটা উপত্যকায় কারফিউ জারি করা হয়েছে। নিজেদের আত্মীয়স্বজনদের সঙ্গে কেউ দেখা করতে পারছেন না। জনপ্রতিনিধিদেরও বাড়িতে বন্দী করে রাখা হয়েছে। সেখানকার মানুষের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। কিন্তু আপনারা চিন্তা করবেন না, সবকিছু ঠিক আছে।”

বোঝা যাচ্ছে, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল নিয়ে শ্লেষের সুরেই কেন্দ্রের সমালোচনা করেন বলিউড অভিনেতা। এরপরই তার বিরুদ্ধে গলা চড়াতে শুরু করে অনেকে। কেউ কেউ তো সাকিব সালিমকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক বলেও দাবি করতে শুরু করেন।

পাকিস্তানে পাঠানো প্রসঙ্গে তিনি জানান, আপাতত যেখানে রয়েছেন, সেখানে ভালো আছেন।

এর আগে পাকিস্তানি গায়ক আতিফ ইসলাম কাশ্মীর প্রসঙ্গ নিয়ে মুখ খোলেন। বলিউডে জনপ্রিয়তা পাওয়া এক তারকাকেও শুনতে হয় কটুবাক্য।