কাশ্মীর নিয়ে আগের নীতিতেই থাকছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এমনটাই জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে এই ইস্যুতে ভারত ও পাকিস্তানকে শান্ত ও সংযমী হওয়ার আহ্বান জানায় মার্কিন সরকার।
কাশ্মীর নিয়ে ওয়াশিংটন নতুন করে ভাবছেন কিনা- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মরগান ওর্টাগাসকে সাংবাদিকেরা এমন প্রশ্ন করলে তিনি একথা জানান। খবর: এনডিটিভি।
মরগান বলেন, “না, পলিসিতে কোনো ধরনের পরিবর্তন আসবে না। যুক্তরাষ্ট্র তার নীতি পরিবর্তন করে থাকলে আমি এখানে ঘোষণা করতাম। অতএব সেটি হচ্ছে না।”
তিনি জানান, কাশ্মীর নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্য সংলাপের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে।
মার্কিন পররাষ্ট্র মুখপাত্র বলেন, “আমরা চাই সেখানে সকল পক্ষ শান্ত থাকুক এবং সংযমের পরিচয় দিক। আমরা শান্তি এবং স্থিতিশীলতা চাই। এ নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি সংলাপ আশা করি আমরা।”
প্রসঙ্গত, সোমবার ভারতের রাজ্যসভায় সংবিধানের ৩৭০ ধারা ঘোষণার মধ্য দিয়ে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়া হয়। এই ধারা ছিল অঞ্চলটির এক ধরনের সাংবিধানিক রক্ষাকবচ। ইতিহাসের সবচেয়ে কঠোর সামরিক পরিস্থিতি জারি করে রাজ্যটির এই বিশেষ অধিকার বাতিল করা হয়।