বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে লাইনচ্যুত হয়েছে। এতে ব্যস্ততম এই রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শনিবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়ে বলে পূর্বপাড় স্টেশনের মাস্টার মাসুম আলী খান জানান।

তিনি বলেন, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি আজ দুপুরের দিকে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে সেতুতে উঠার আগে ট্রেনের ইঞ্জিন থেকে ৭ নম্বর বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ট্রেনটি ঘটনাস্থলে আটকা পড়ে আছে।

ট্রেনটি সচল করতে উদ্ধারকারী ট্রেন ঈশ্বরদী থেকে রওনা হয়েছে। ট্রেন চলাচল সচল হতে অন্তত পাঁচ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানান স্টেশন মাস্টার মাসুম আলী খান।

এদিকে দুর্ঘটনার পরে দেশের উত্তরবঙ্গ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে এই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।