সারা দিন ইচ্ছামতো স্মার্টফোন ব্যবহার করার পরও চার্জ শেষ না হলে কি আনন্দই না হতো, তাই না? কিন্তু তেমনটা তো আর সম্ভব নয়। তাই তো রাস্তাঘাটে সঙ্গে নিয়ে ঘুরতে হয় পাওয়ার ব্যাংক। আর সেটি না থাকলে চার্জ শেষ হলেই মোবাইল সুইচ অফ হয়ে যায়। খোঁজ চলতে থাকে চার্জিং পয়েন্টের। তখন আবার সঙ্গে চার্জার না থাকলে আরও বিপদ। কিন্তু এবার এসব সমস্যার সমাধান করে দিতে চলেছে শাওমি। স্মার্টফোনের বাজারে কান পাতলে অন্তত এমন খবরই শোনা যাচ্ছে।
একটি ইংরেজি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চীনা মোবাইল প্রস্তুতকারক কোম্পানিটি এমন একটি মোবাইল তৈরির চেষ্টা করছে, যা সৌরশক্তিতেই চার্জ হয়ে যাবে। বিশ্বে প্রথমবার এমন উদ্যোগ নেওয়া হলো। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপারটি অর্গানাইজার বা ডওচঙ-র সঙ্গে জুটি বেঁধে এমন ফোন তৈরির কাজ করছে সংস্থাটি। স্মার্টফোনটির পেছন দিকে সোলার চার্জার প্যানেল থাকবে। ডায়াগ্রাম অনুযায়ী, ডিভাইসটির সামনের দিকে থাকবে বেজেল-লেস ডিসপ্লে। আর পেছনের দুই তৃতীয়াংশ থাকবে সোলার প্যানেল। তবে এই প্যানেলটি থাকা সত্ত্বেও খুব চওড়া দেখাবে না ফোনটিকে।
তবে জানা গেছে, এই ডিভাইসে থাকবে না ফ্রন্ট ক্যামেরা। তা ছাড়া হেডফোনের পিন ঢোকানোর জ্যাকও নেই এই ফোনে। তবে কীভাবে ফ্রন্ট ক্যামেরা এই ফোনে রাখা সম্ভব হয়, তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। এবার প্রশ্ন হলো, সৌরশক্তির মাধ্যমে কত দ্রুত ফোনটি চার্জ হবে? সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। ফোনটি বাজারে এলেই তা স্পষ্ট হবে।