ডেঙ্গু মোকাবিলার পদক্ষেপ হিসেবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি থাকা সত্ত্বেও দেশব্যাপী গ্রামপর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো খোলা থাকছে। ঈদে যারা গ্রামের বাড়ি যাচ্ছেন, তাদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী গতকাল শুক্রবার থেকে (ঈদের দিন ছাড়া) আগামী ১৭ আগস্ট পর্যন্ত দেশের সব কমিউনিটি ক্লিনিক চালু থাকবে। গতকাল এক তথ্য বিবরণীতে এসব কথা জানানো হয়।
ঈদের ছুটির সময় যেন অফিস বা তার চারপাশে কোনো পানি জমে না থাকে সেদিকে দৃষ্টি দিয়ে এডিস মশা ও লার্ভা নিধন কার্যক্রম নিয়মিত তদারকি করতে সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরগুলোকে ইতোমধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অফিশিয়ালি নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকেও স্কুল-কলেজসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস খোলা রেখে ঈদের ছুটির দিনগুলোতে পরিচ্ছন্নতা অভিযান চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, স্বাস্থ্য বিভাগ ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
তথ্য বিবরণীতে আরও বলা হয়, দিনরাত ২৪ ঘণ্টায় ডেঙ্গু সংক্রান্ত সহায়তা পাওয়ার জন্য নিচের হটলাইনগুলো খোলা থাকবে।