স্মিথকে অধিনায়ক করবে না অস্ট্রেলিয়া

কেপটাউন টেস্টে তিনি অধিনায়ক থাকা অবস্থায় বল ট্যাম্পারিংয়ের কা- ঘটেছিল। ফলে অস্ট্রেলিয়া দলের অধিনায়কত্ব হারাতে হয় স্টিভেন স্মিথকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছর নিষিদ্ধও থাকতে হয়। নিষেধাজ্ঞা কাটিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই নিজের জাত চিনিয়েছেন স্মিথ। প্রথম অ্যাশেজ টেস্টে জোড়া সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন। ফলে অধিনায়ক হিসেবে আবার স্মিথকে ফিরিয়ে আনার গুঞ্জন উঠছে।

কিন্তু শুরুতেই সেই সম্ভাবনাকে পাত্তা না দিয়ে বরং ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল এডিংস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘স্মিথকে অধিনায়ক করার ব্যাপারটা এখনো আমাদের লক্ষ্যের মধ্যে নেই। ‘১৬ মাস আগে বল ট্যাম্পারিং কা-ের পর অস্ট্রেলিয়ান টেস্ট দলের অধিনায়ক করা হয় টিম পেইনকে। তার বয়স এখন ৩৫। ফলে তিনিও হয়তো বেশিদিন এই দায়িত্ব পালন করতে পারবেন না। সেক্ষেত্রে আবার স্মিথকে ফিরিয়ে আনাই সমস্যার সমাধান হতে পারত। কিন্তু এডিংস বলেছেন, ‘স্মিথকে অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনার ব্যাপারটা আমাদের ভাবনাতেই নেই। আমাদের বর্তমান অধিনায়ক দারুণ কাজ করছে।