ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) চীন থেকে নিয়ে আসা মশার নতুন কীটনাশক এর আনুষ্ঠানিক প্রয়োগ শুরু করেছে। ইতিমধ্যে ডিএনসিসির সবগুলো অঞ্চলে এটি পৌঁছেছে, খুব শিগগিরই সকল ওয়ার্ডেও এটি পৌঁছে যাবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলামকে সাথে নিয়ে শুক্রবার এই কীটনাশক প্রয়োগ আনুষ্ঠানিকভাবে শুরু করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে বিকেল ৩টায় মন্ত্রী ও মেয়রের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কীটনাশক প্রয়োগ শুরু করা হয়।
এ সময় মেয়র বলেন দ্রুত ও অধিক এলাকায় নাগরিক সেবা দিতে পিকআপ ট্রাক ও মোটরসাইকেলে ফগার মেশিন ও লার্ভিসাইড স্প্রেয়ার সংযোজন করা হয়েছে। আমরা অধিক লোকবল নিয়েছি, কীটনাশকের বরাদ্দও বাড়ানো হয়েছে।
বাইকের মাধ্যমে ওষুধ ছিটানোর প্রক্রিয়া দেখে সন্তুষ্টি প্রকাশ করে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এবং মশক কর্মীদের আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন। মেয়র বলেন মশক কর্মীদের হেঁটে হেঁটে ওষুধ দিতে হয় বলে তাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, এখন হেঁটে হেঁটে এবং গাড়ি করে দুভাবেই মশক নিধন হবে। একবার কীটনাশক দেওয়া শেষ হলে গাড়িতে রাখা অতিরিক্ত কীটনাশক থেকে আবার রিফিল করতে পারবে। এর ফলে ওয়ার্ড অফিসে এসে রিফিল করার ঝামেলা এবং সময়ক্ষেপণ আর থাকবে না।
মন্ত্রী তাজুল ইসলামসহ মেয়র মোহাম্মদপুর টাউন হল এলাকার বাজারের বিভিন্ন দোকান, আবাসিক ভবন এবং অলিগলি পর্যবেক্ষণ করেন এবং তাৎক্ষণিক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ওয়ার্ড কাউন্সিলরকে অলিগলির আবর্জনা পরিষ্কারের নির্দেশ দেন। তিনি অত্র এলাকার বাসিন্দাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং মশার প্রজননস্থল হতে পারে এমন কিছু স্থান চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
তিনি বলেন অপরিচ্ছন্নতার বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একটি স্লোগান “জমা পানি ফেলে দিন, তিন দিনে একদিন” অর্থাৎ, প্রতি তিন দিনে অন্তত একবার যাতে আমরা যে কোন জমানো পানি ফেলে দিই।
এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোমিনুর রহমান মামুন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মীর নাহিদ আহসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।