আইজিপির নির্দেশে ডেঙ্গু সচেতনতা কার্যক্রম জোরদার

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর নির্দেশে দেশের সব পুলিশ ইউনিটে ডেঙ্গুজ্বর সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম চলছে। দেশে ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় রেখে আইজিপি সম্প্রতি সব মহানগর কমিশনার, রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপারদের সঙ্গে এক জরুরি ভিডিও কনফারেন্সে এ নির্দেশ দেন।

গতকাল শুক্রবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা দেশ রূপান্তরকে জানান, আইজিপির নির্দেশে সব পুলিশ ইউনিটে এরই মধ্যে ডেঙ্গু সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। পুলিশ সদস্যরা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, মাইকিং ও লিফলেট বিতরণ করছেন।

এই উদ্যোগ জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে উল্লেখ করে তিনি আরও বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে পুলিশের সঙ্গে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিচ্ছে। ডেঙ্গুর প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত এ বিশেষ প্রচারণামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ভিডিও কনফারেন্সে আইজিপি বলেন, ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে পুলিশ কম্পাউন্ড ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোনো পুলিশ সদস্য বা তাদের পরিবারের সদস্যরা ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। পাশাপাশি জনগণকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে হবে। তিনি বলেন, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ডেঙ্গুবিরোধী লিফলেট প্রস্তুত করা হয়েছে।