বেতন-বোনাসের দাবি

সাভার-গাজীপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

ঈদের আগে বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবিতে সাভার ও গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। গতকাল সকালে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে তারা। এ সময় কারখানায় ভাঙচুরও চালায় বিক্ষুব্ধ শ্রমিকরা।

সাভার প্রতিনিধি জানান, সকালে পৌর এলাকার রাজাশন মহল্লার মারহাবা স্পিনিং মিলস লিমিটেড কারখানার প্রায় তিন শতাধিক শ্রমিক সামনের সড়কে অবস্থান নেয়। তারা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে বেতন-বোনাস পরিশোধের দাবি জানায়। কারখানার রিং সেকশনের লাইনম্যান মেহেদী হাসান বলেন, ‘মালিকপক্ষ প্রতি মাসেই বেতন পরিশোধে গড়িমসি করে। আন্দোলন করে জুন মাসের বেতন পেয়েছি এ মাসের ২ তারিখ। গতকাল বোনাস দেওয়ার কথা বলে রাত ১০টা পর্যন্ত কাজ করানোর পর কর্র্তৃপক্ষ পালিয়ে যায়।’ ইউটিলিটি ম্যানেজার সুলতান মাহমুদ বলেন, ‘বিক্ষুব্ধ শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা আজকের (শুক্রবার) মধ্যেই সব পাওনা পরিশোধ করবেন।’

শিল্পপুলিশের সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের বিষয়ে মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা আজকেই পাওনা পরিশোধ করবেন বলে জানিয়েছেন। এ ছাড়া অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে গাজীপুর প্রতিনিধি জানান, জুলাই মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে নগরীর তিনসড়ক এলাকার স্টাইল ক্রাফট লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ, কারখানায় ভাঙচুর এবং সড়ক অবরোধ করেছে। কারখানার অপারেটর রাবেয়া জানান, শ্রমিকদের জুলাই মাসের বেতন ও ঈদ বোনাস বকেয়া রয়েছে। কিন্তু কারখানা কর্র্তৃপক্ষ বোনাস ও জুলাই মাসের পুরো বেতন না দিয়ে অর্ধেক বেতন পরিশোধ শুরু করলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। এ সময় তারা কারখানার দরজা-জানালার কাচ ও আসবাবপত্র ভাঙচুর করে। পরে ঢাকা-গাজীপুর সড়কে অবস্থান নিয়ে অবরোধের সৃষ্টি করে।