ডেঙ্গুজ¦র নিয়ে মন্ত্রীদের কথায় মিল নেই দাবি করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মানুষের রক্ত পরীক্ষার আগে সরকারের মন্ত্রীদের মস্তিষ্ক পরীক্ষা করা দরকার। গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ডেঙ্গু নিয়ে মন্ত্রীদের বক্তব্য স্ববিরোধী ও বিপরীতধর্মী। রাতের কথার সঙ্গে সকালের কথার গরমিল। এ ধরনের কথা থেকে সিকি-আধুলি ও গোটা মন্ত্রী কেউই কম যাচ্ছেন না। তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কদিন আগে বলেছেন, সবাই ঈদে বাড়ি যাবেন, কোনো অসুবিধা নাই। গত বৃহস্পতিবার আবার বলেছেন, বাড়ি যাওয়ার আগে রক্ত পরীক্ষা করে যাবেন। আমি তো মনে করি, মানুষের রক্ত পরীক্ষার আগে সরকারের মন্ত্রীদের মস্তিষ্ক পরীক্ষা করা দরকার। ঈদের আগে বিএনপি চেয়ারপারসনের মুক্তি দাবি করে তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে রোগে-শোকে-ব্যথা-বেদনায় জর্জরিত রেখে কারাগারে আটকে রেখেছে। তার জামিনে বাধা দেওয়া হচ্ছে। আদালতের কথাতেই মনে হচ্ছে যে, প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া কিছু হবে না। রিজভী জানান, খালেদা জিয়া পরিবারের সদস্যদের মাধ্যমে দেশবাসী এবং বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে পবিত্র ঈদুল আজহার প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম প্রমুখ।