শেরপুরে দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে নিহত ১

শেরপুরের শ্রীবরদীতে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত এবং আরেকজন আহত হয়েছেনি। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢনঢনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তারা মিয়া ওই গ্রামের রতন মিয়ার ছেলে। আহত রসুল মিয়াকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে।

পুলিশ ও স্বজনরা জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢনঢনিয়া গ্রামে দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে হাছেন আলীর বাড়ীর পেছনে স্থানীয় মাহফুজ এবং তারা মিয়ার লোকদের মাঝে মাদক বিক্রির আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় প্রতিপক্ষের চাকুর আঘাতে তারা মিয়া ও রসুল মিয়া গুরুতর আহত হলে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাদের শেরপুর হাসপাতালে নেওয়া হলে তারা মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

শ্রীবরদী থানার ওসি রুহুল আমিন তালুকদার টেলিফোনে জানান, ঢনঢনিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

শেরপুর জেলা হাসপাতালের আরএমও ডা. খায়রুল কবির সুমন বলেন, হাসপাতালে তারা মিয়া নামে একজন রোগী মারা যায়, তার শরীরের বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে।