লর্ডস টেস্টে নেই মঈন, ইংল্যান্ড দলে লিচ

অ্যাশেজ সিরিজে দ্বিতীয় তথা লর্ডস টেস্টে দলে পরিবর্তন এনেছে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে বড় হার মানা ইংল্যান্ড। ১২ সদস্যের দল থেকে বাদ পড়েছেন মঈন আলী। তার পরিবর্তে সোমারসেটের বাঁহাতি স্পিনার জ্যাক লিচকে দলে টেনেছেন টিম ম্যানেজম্যান্ট।

ডান হাঁটুর মাংশপেশীতে চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে নিজেকে আগেই সরিয়ে নিয়েছিলেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। তার সঙ্গে দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে যান আরেক পেসার অলিভার স্টোন। পিঠের চোটে ভুগছেন তিনি।

এজবাস্টন টেস্টে চেনা রূপে দেখা যায়নি মঈনকে। ১৭২ রান দিয়ে নেন ৩ উইকেট, ব্যাটিংয়ে করেন শূন্য ও ৪ রান। দুই ইনিংসেই নাথান লায়নের বলে আউট হন মঈন। লর্ডস টেস্ট দিয়ে এই ফরম্যাটে অভিষেকের অপেক্ষায় রয়েছেন ইংল্যান্ডের আলোচিত পেসার জোফরা আর্চার। প্রথম টেস্টের দলে থাকলেও ফিটনেসের কারণে শেষ পর্যন্ত পর্যন্ত একাদশে যুক্ত হতে পারেননি সদ্য সমাপ্ত বিশ্বকাপে নৈপুণ্য দেখানো এই পেসার।

অ্যাশেজের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে লর্ডসে দারুণ নৈপুণ্য দেখান লিচ। নাইটওয়াচম্যান নেমে ৯২ রানের ইনিংসের জন্য জেতেন ম্যাচ সেরার পুরস্কার। সেই পারফরম্যান্সই লর্ডস টেস্টে জায়গা করে দিচ্ছে তাকে।

আগামী বুধবার লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ অ্যাশেজ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড। বার্হিংহ্যামের প্রথম টেস্টে চির প্রতিদ্বন্দ্বীদের কাছে ২৫১ রানে হারে স্বাগতিকরা।

দ্বিতীয় টেস্টের ইংল্যান্ড দল: জো রুট (অধিনায়ক), জোফরা আর্চার, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, স্যাম কারান, জো ডেনলি, জ্যাক লিচ, জেসন রয়, বেন স্টোকস ও ক্রিস ওকস