ডেঙ্গুকে বৈশ্বিক সমস্যা বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ।
শনিবার ভোলায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য স্বেচ্ছায় রেডক্রিসেন্টের ৪০ স্বেচ্ছাসেবীর রক্তদান কর্মসূচির উদ্বোধনে এসে এমন মন্তব্য করেন তিনি।
শনিবার দুপুরে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, ডেঙ্গু এখন একটা বৈশ্বিক সমস্যা। সারা বিশ্বের কোটি কোটি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে। ফিলিপাইনে ১ লাখ ২০ হাজার আক্রান্ত হয়েছে এবং ৫ শ মারা গেছে। আজ শুধু বাংলাদেশ নয় ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভারতে, ইউরোপে অনেক দেশ ডেঙ্গু আক্রান্ত। আমরা কেউ এ ডেঙ্গুকে যেন রাজনীতি হিসেবে ব্যবহার না করি। এমন মানবিক সমস্যায় প্রত্যেককে এগিয়ে আসতে হবে। কেউ কাউকে দোষারোপ করে লাভ নাই। এটা ঠিক আরো আগ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা করা উচিত ছিল। সুতরাং রাজনীতি না করে আসুন ঐক্যবদ্ধ হয়ে ডেঙ্গু সমস্যা মোকাবিলা করি।
জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, সিভিল সার্জন ডা. রথীন্দ্র নাথ মজুমদার, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জহুরুল ইসলাম নকীব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। অনুষ্ঠান সঞ্চালনা করেন, রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি আজিজুল ইসলাম। রেড ক্রিসেন্ট সোসাইটি, ভোলা চেম্বার অব কমার্স এবং স্বাস্থ্য বিভাগ যৌথভাবে এ আয়োজন করে।