কাশ্মীর ইস্যু নিয়ে সুপ্রিম কোর্টে ওমর আবদুল্লাহর দল

বিজেপি সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে এবার আইনি লড়াইয়ে নেমে পড়ল ওমর আবদুল্লাহর দল ন্যাশনাল কনফারেন্স (এনসি)। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপ করাকে ‘বেআইনি’ দাবি করে শনিবার শীর্ষ আদালতে আবেদন জানিয়েছে এনসি।

ন্যাশনাল কনফারেন্স প্রধান তথা জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই মুহূর্তে উপত্যকার অসংখ্য নেতার মতোই পুলিশি হেফাজতে রয়েছেন। তাকে কোথায় রাখা হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। দলীয় প্রধানের অনুপস্থিতিতেই ৩৭০ অনুচ্ছেদ বাতিলের কেন্দ্রীয় সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার পথ বেছে নিয়েছে এনসি বিধায়ক আকবর লোন ও হাসনাইন মাসুদি।

গত সোমবার ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করে দেশটির অধীনে থাকা জম্মু-কাশ্মীরকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করার পর সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। অলিগলির দখল নিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। স্থানীয় নেতারা আছেন ধরপাকড়ের ভেতর।

এই কদিন মোবাইল ফোন এবং ইন্টারনেটের কোনো সংযোগ সেখানে ছিল না। কিছু এলাকার লোকজন জানিয়েছেন, তারা এখন ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। শ্রীনগরের কিছু এলাকায় মোবাইল নেটওয়ার্কও সচল হয়েছে।

কাশ্মীর ভিত্তিক ইংরেজি দৈনিক নর্থলাইন্স জানিয়েছে, শুক্রবার কেন্দ্রীয় মসজিদ বাদে স্থানীয় মসজিদে নামাজ পড়তে দেওয়া হয় মুসল্লিদের। 

পৌর এলাকা থেকে ১৪৪ ধরা ওঠানোর ঘোষণার সঙ্গে স্কুল-কলেজ খোলার কথাও জানানো হয়েছে।

এই ঘোষণার সঙ্গে সরকারি কর্মচারীদের কাজে যোগ দিতেও বলা হয়েছে।