ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পারেনি সরকার: রিজভী

সরকারের মন্ত্রীদের কথার সঙ্গে বাস্তবের কোন মিল জনগণ খুঁজে পাচ্ছে না দাবি করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মূলত সরকারের অব্যবস্থাপনার কারণেই ঈদযাত্রায় ঘরমুখো মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

শনিবার সকালে গুলশানে ডেঙ্গুজ্বর নিয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণের আগে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন।

রিজভী বলেন, আজকে স্টিমার ও লঞ্চ ঘাটে ভয়ংকর ভিড়, আরিচা ঘাটে ৪০ কিলোমিটার, ২৫ কিলোমিটার দীর্ঘ লাইন, ভয়ংকর যানজট। ট্রেনের ভেতরে-বাইরে ঘরমুখো মানুষে ঠাসা। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পারেনি সরকার। অব্যবস্থাপনার কারণেই রাস্তাঘাটে খানা-খন্দ হয়ে পড়েছে। এ কারণে যানবাহন ঠিকভাবে চলতে পারছে না। এক ভয়ংকর দুর্যোগ ও দুর্বিপাকের মধ্যে দেশ অতিবাহিত করছে।

তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বন্দী করে রাখা সরকারের ভয়ংকর অন্যায়। তিনি মুক্তি পেলে এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না।

গুলশানে ডিএনসিসি মার্কেটে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাদের সঙ্গে নিয়ে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ করেন রিজভী। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, সহসভাপতি আবুল হোসেন প্রমুখ।