পদ থেকে সরালেও জানানো হয়নি প্রসেনজিৎকে, নতুন সদস্য অপর্ণা

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম বর্ষের সংযোজন অ্যাডভাইসরি কমিটি নিয়ে চলছে নানা বিতর্ক। জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সরানো হয়েছে চেয়ারম্যানের পদ থেকে। কিন্তু প্রসেনজিতের দাবি, তাকে পদ থেকে সরালেও অফিশিয়ালি তাকে জানানো হয়নি।

এদিকে শুক্রবার সেই কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যান পদে না থাকলেও নতুন কমিটির সদস্য তালিকায় নাম ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। শোনা যাচ্ছে, সময়ের অভাবে চলচ্চিত্র উৎসবের সব রকম দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন অভিনেতা। এ বছর চেয়ারম্যান হচ্ছেন পরিচালক রাজ চক্রবর্তী। যদিও তার নাম আনুষ্ঠানিক ভাবে এখনো ঘোষণা করা হয়নি।

কমিটি থেকে নাম তুলে নেওয়া প্রসঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বললেন, ‘আমি খুব দুঃখ পেয়েছি। আমাকে যে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তা অফিশিয়ালি জানানো পর্যন্ত হয়নি। আমি জেনেছি মিডিয়ার কাছ থেকে। তবে এ বছর আমি সত্যিই খুব ব্যস্ত। কোনো দায়িত্ব নিলে, তার সঙ্গে জাস্টিস করতে পারব না। তাই অব্যাহতি চেয়েছি। তবে রাজের প্রতি আমার পূর্ণ সহযোগিতা রয়েছে। ওকে বলেছি, ওর প্রয়োজনে সব সময় পাশে থাকব।’

অন্য দিকে কমিটির তালিকায় উল্লেখযোগ্য সংযোজন অপর্ণা সেন। এর আগে কেআইএফএফ-এর কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন না পরিচালক-অভিনেত্রী।