ডেঙ্গু মশা কামড়ালেই ডেঙ্গু হয় না: ডিএসসিসি কর্মকর্তা

ডেঙ্গু মশা কামড়ালেই ডেঙ্গু হয় না বলে মন্তব্য করেছেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। 

তাকেও ডেঙ্গু মশা কামড়েছিল জানিয়ে তিনি বলেন, আমার বাড়ি মগবাজার। গত রোববার সকাল আটটার দিকে পিঠে কামড়ায়। আমি মশাটিকে মারি, মারার পর হাতে নিয়ে ভালো করে পরীক্ষা করে দেখলাম সেটা ডেঙ্গু মশা, গায়ে সাদা সাদা দাগ, তত বড় হয়নি। সেই দিন ছিল রোববার, আজকে শনিবার, আমি এখনো ভালো আছি। আল্লাহর রহমতে আমার এখনো ডেঙ্গু হয়নি- আমি এই কথাটা কেন বললাম, বললাম এটা বোঝানোর জন্য ডেঙ্গু মশা কামড়ালেই ডেঙ্গু হয় না। যেই মশার মধ্যে ডেঙ্গু রোগের জীবাণু আছে সেটা কামড়ালেই ডেঙ্গু রোগ হয়।

তার দাবি, ডেঙ্গু মশা কামড়ালেই ডেঙ্গু হয় না। ডেঙ্গু হতে হলে মশাটির শরীরে ডেঙ্গু রোগের জীবাণু থাকতে হয়।

শনিবার নগর ভবনে পৌর করদাতাদের মধ্যে বিনা মূল্যে অ্যারোসল স্প্রে ক্যান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মোস্তাফিজুর রহমান বলেন, স্ত্রী মশা কিন্তু মানুষকে কামড় দেয়, পুরুষ মশা কামড় দেয় না। মানুষের রক্ত মশার খাবার না।

তিনি ব্যাখ্যা করে বলেন, মশা ফলের রস খায়, পাতার রস খায়। এগুলো খেয়ে মশা বাঁচে। পুরুষ মশা মানুষের রক্ত খায় না। স্ত্রী মশা মানুষের রক্ত খায় শুধু তখন, যখন তার পেটে ডিম থাকে। ডিম থেকে লার্ভা হয় এই ডিমটা বড় হতে প্রোটিন দরকার হয় এই প্রোটিন মানুষের রক্ত থেকে আসে। 

এরপর তিনি বলেন, সব মশা কামড় দেয় না। শুধু স্ত্রী মশা কামড় দেয়, স্ত্রী মশাদের মধ্যে যারা এডিস মশা পেটে ডিম আছে সেগুলো কামড় দেয়। সেগুলো যদি এডিসের জীবাণু বহন করে তবেই শুধু তার কামড়ে ডেঙ্গু হবে। তিনি সবাইকে মশার ওষুধ স্প্রে করার নিয়ম সম্পর্কেও বিস্তারিত জানান।