সমকালের সাবেক সম্পাদক গোলাম সারওয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী আগামী মঙ্গলবার। গত বছরের ১৩ আগস্ট ৭৫ বছর বয়সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গোলাম সারওয়ারের মৃত্যুবার্ষিকীতে তার পরিবার, আমৃত্যু কার্যালয় সমকালসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি নেওয়া হয়েছে।
গোলাম সারওয়ারের সাংবাদিকতার শুরু ষাটের দশকে। পাঁচ দশকের বেশি সময় তিনি এ পেশায় যুক্ত ছিলেন। তার জন্ম ১৯৪৩ সালের ১ এপ্রিল বরিশালের বানারীপাড়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থায় ১৯৬২ সালে চট্টগ্রামের দৈনিক আজাদীর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হিসেবে তার সাংবাদিকতা পেশার শুরু। একই বছর দৈনিক সংবাদের সহ-সম্পাদক হিসেবে যুক্ত হন তিনি।
১৯৭১ সালের ২৫ মার্চ পর্যন্ত সংবাদে চাকরিরত ছিলেন গোলাম সারওয়ার। মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন নিজ এলাকা বানারীপাড়ায়। মুক্তিযুদ্ধের পর কয়েক মাস বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। ১৯৭২ সালে দৈনিক ইত্তেফাকে সিনিয়র সহ-সম্পাদক হিসেবে যুক্ত হন। ১৯৯৯ সাল পর্যন্ত প্রধান সহ-সম্পাদক, যুগ্ম বার্তা সম্পাদক ও বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।