ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম নগরের প্রধান সড়কগুলোতে পশু কোরবানি না দেওয়ার আহ্বান জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা করা হবে। এ ক্ষেত্রে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। গতকাল শনিবার চট্টগ্রাম নগরের প্রধান ঈদ জামাতের স্থল জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দান পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
চসিক মেয়র জানান, কোরবানির বর্জ্য অপসারণ নিশ্চিত করতে বিভাগীয় সেল খোলা হয়েছে। নগরের ৪১ ওয়ার্ডকে চারটি সেলে ভাগ করা হয়েছে। চারজন কাউন্সিলরকে সেল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আমি নিজে তদারক করব। পাশাপাশি নগরের ঈদ জামাতস্থলের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক প্রস্তুতি নিয়েছে।’
ওই সময় চসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন দাশ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী, রাজস্ব কর্মকর্তা নাসির উদ্দিনসহ অনেকেই উপস্থিত ছিলেন।