সিটি সেন্টারের ১৪তলা থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু!

রাজধানীর মতিঝিল সিটি সেন্টারের ১৪তলা থেকে পড়ে তানজিলা আক্তার রুপা (১৭) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে এ ঘটনা ঘটে। এটি হত্যা, না আত্মহত্যা; নাকি দুর্ঘটনাÑ তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। রুপা গোড়ানের আলী আহম্মদ উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী। জিজ্ঞাসাবাদের জন্য রুপার সৎভাই যোবায়ের আহম্মেদ সম্রাটকে আটক করেছে পুলিশ।

মতিঝিল থানার এসআই আরিফুল ইসলাম জানান, রুপা খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান ৩৬৩/২ নম্বর বাসায় থাকে। তার বাবা তাহাজ উদ্দিন মারা গেছেন। রুপাকে সিটি সেন্টারের নিচ থেকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসআই বলেন, মেয়েটি সিটি সেন্টারের ১৪তলা থেকে লাফিয়ে পড়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ঢামেক হাসপাতাল থেকে এক যুবককে আটক করা হয়েছে। ওই যুবক রুপার সৎভাই বলে জানিয়েছেন।

আটকের আগে সম্রাট জানান, রুপা তার সৎ বোন। তিনি সিটি সেন্টারের ১৪তলায় একটি সিকিউরিটি কোম্পানিতে চাকরি করেন। শনিবার তার সঙ্গে দেখা করতে যায় রুপা। বিকেল ৪টার দিকে ১৪তলায় জানালার পাশে দাঁড়িয়ে ছিল সে। এ সময় তিনি পাশের রুমে ছিলেন। কয়েক মিনিট পরই চিৎকার শুনে এগিয়ে এসে দেখেন রুপা নিচে পড়ে গেছে। সে কীভাবে পড়েছে তা তিনি জানেন না। মতিঝিল থানার ওসি ওমর ফারুক বলেন, প্রত্যক্ষদর্শী কাউকে পাওয়া যায়নি।