দরকার আর ১৯ রান। তাহলেই আরও একটি রেকর্ড গড়বেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রানের অধিকারী হয়ে যাবেন তিনি। ছাড়িয়ে যাবেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদকে।
পোর্ট অব স্পেনে রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ভারত। এর আগে গায়ানায় প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়।
আজকের ম্যাচে কোহলি ১৯ রান করলেই ভেঙে ফেলবেন উইন্ডিজের বিপক্ষে করা মিয়াঁদাদের রানের রেকর্ড। দলটির বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির রান এখন ৩৩ ইনিংসে ১৯১২। এর মধ্যে রয়েছে সাতটি সেঞ্চুরি ও ১০টি হাফ সেঞ্চুরি। ৬৪ ইনিংসে মিঁয়াদাদ করেছেন ১৯৩০ রান। তাতে সেঞ্চুরি একটি, হাফসেঞ্চুরি ১২টি।
উইন্ডিজদের বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের হয়ে সর্বোচ্চ ১০৬ রান করেছেন কোহলিই। সিরিজের সর্বোচ্চ ১১৫ রান করেন কাইরন পোলার্ড।