চেলসিকে উড়িয়ে মৌসুম শুরু ইউনাইটেডের

প্রথমার্ধে তেমন জ্বলে উঠতে না পারলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ফুটবল খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাতে চেলসিকে উড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করেছে রেড ডেভিলরা।

ওল্ড ট্র্যাফোর্ডে রোববার রাতের ম্যাচটিতে চেলসিকে ৪-০ গোলে হারায় ইউনাইটেড। খেলা শুরুর অষ্টাদশ মিনিটে স্পট কিকে দলকে এগিয়ে নেন মাকাস র‍্যাশফোর্ড। দ্বিতীয়ার্ধে একটি করে গোল করেন অঁতোনি মার্শাল, মার্কাশ র‍্যাশফোর্ড ও ড্যানিয়েল ওয়েন জেমস।

বল দখলে উভয় দল প্রায় সমান সমান আধিপত্য দেখালেও আক্রমণে ঢের এগিয়ে ছিল ম্যানইউ। ফলস্বরূপ এসেছে বিশাল জয়। পক্ষান্তরে ছাড়া ছাড়া ফুটবল খেলেছে চেলসি। স্বাগতিক রক্ষণভাগের কেমন কোনো পরীক্ষা নিতে পারেনি তারা।

লিগে দিনের অপর দুই ম্যাচে লেস্টার সিটি ও উলভারহ্যাম্পটন মধ্যকার লড়াই গোলশূন্য ড্র হয়েছে। আর নিউক্যাসেল ইউনাইটেডের মাঠে খেলতে গিয়ে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে আর্সেনাল। একমাত্র গোলটি করেন পিয়েরি এমারিক আউবামেয়াং।