বলিউড সুপারস্টার শাহরুখ খান। সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছে আট মাস আগে। এই মুহূর্তে তার হাতে কোনো সিনেমা নেই। বলিউডের তিন দশকের ক্যারিয়ারে এমনটা নাকি কখনো হয়নি।
জি নিউজ জানায়, অস্ট্রেলিয়ায় ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নে হাজির হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেতা।
সেখানে কিং খান জানান, বিভিন্ন ছবিতে অভিনয় করার কথা নিয়ে নানা জল্পনা কানে আসছে তার। সোশ্যাল মিডিয়াতেও অনেকে বলছেন, পরের জন্মদিনেই নাকি নতুন ছবি ঘোষণা করবেন। কিন্তু সব জল্পনায় পানি ঢেলে শাহরুখ জানান, এই মুহূর্তে নাকি তার ঝুলিতে কোনো ছবিই নেই। একটি ছবির কাজ তিনি শুরু করেছিলেন। কিন্তু সেটিও মাঝপথে বন্ধ হয়ে যায়।
শঙ্করের পরবর্তী ছবিতে শাহরুখকে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছিল। কিন্তু তিনি স্পষ্ট জানান, এমন কোনো সিনেমায় অভিনয় করার কথা তার সঙ্গে কারো হয়নি। এমনকি স্প্যানিশ ওয়েব সিরিজ ‘মানি হাইস্ট'-এর বলিউড রিমেকও তিনি করছেন না।
তবে শুটিং না করলেও, এই মুহূর্তে শাহরুখ ব্যস্ত রয়েছেন নিজের প্রযোজনা সংস্থা নিয়ে। বেশ কয়েকটি ওয়েব সিরিজের প্রযোজনা করছেন।
তিনি জানান, গত ৩০ বছরে এই প্রথমবার এমন হয়েছে যে, তার হাতে কোনো ছবি নেই। সাধারণত একটি ছবিতে কাজ চলাকালীনই আরেকটি ছবি পেয়ে যান। তবে শাহরুখ বলেন, এতে চিন্তা করার মতো কোনো কারণ নেই। তিনি নিজেও এই বিষয়ে কিছু ভাবছেন না।
গত কয়েক বছরে শাহরুখ অভিনীত ছবি পরপর ব্যর্থ হয়েছে। সেই ভুল আর করবেন না বলেই আপাতত অভিনয় থেকে বিরতি নিয়েছেন তিনি।