কাশ্মীর সংকটের মধ্যেই ভারতে সৌদির রেকর্ড বিনিয়োগ

কাশ্মীরে সংকটপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের জ্বালানি খাতে বড় ধরনের বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব।

এনডিটিভি জানায়, ভারতীয় জায়ান্ট কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তেলের ব্যবসায় ২০ শতাংশ বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরবের জ্বালানি খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি সৌদি আরামকো।

ভারতে ইতিহাসে অন্যতম বিদেশি বিনিয়োগ এটি। সোমবার রিলায়েন্সের বার্ষিক জিএম বৈঠকে এ বিনিয়োগের ঘোষণা দেন কোম্পানিটির চেয়ারম্যান মুকেশ আম্বানি।

তিনি বলেন, “এটি রিলায়েন্সের ইতিহাসে সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ। ভারতে এর আগে এই পরিমাণ সরাসরি বিদেশি বিনিয়োগ কখনো হয়নি বলে তিনি দাবি করেন।”

এ বিনিয়োগের পরিমাণ সাড়ে সাত হাজার কোটি ডলার বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যা ৬ লাখ ৩৩ হাজার কোটিও বেশি টাকা।

গোটা বিশ্বেই পেট্রল এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে থাকে সৌদি আরামকো। বিশ্বের সর্ববৃহৎ জ্বালানি তেলের কোম্পানি গুলির মধ্যে অন্যতম এই সংস্থা।

রিলায়েন্সের জুনাগড় পরিশোধন কেন্দ্রে দিনে ৫ লাখ ব্যারেল তেল সরবরাহ করবে এটি।

২০১৯ সালে প্রকাশিত এক তথ্যে জানা যায়, এ বছর রিলায়েন্সের পেট্রোপণ্যের ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে। পেট্রোলকে রাসায়নিকে পরিণত করার ব্যবসায় রিলায়েন্স ৫.৭ লাখ কোটি রুপি লাভ করেছে। সেই ব্যবসা আরও বৃদ্ধি পেতে চলেছে সৌদি অ্যারামকোর এ বিনিয়োগের কারণে।

রিলায়েন্সের জুনাগড় পরিশোধন কেন্দ্রে এই মুহূর্তে ১.‌৪ মিলিয়ন ব্যারেল তেল পরিশোধন করার ক্ষমতা রয়েছে। ২০৩০ সালের মধ্যে এই ক্ষমতা বাড়িয়ে ২ মিলিয়ন ব্যারেল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।