বন্যা, ডেঙ্গুর কারণে মানুষের মনে ঈদ আনন্দ নেই বলে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের অদক্ষতা, ব্যর্থতা এবং উদাসীনতার কারণে দেশের মানুষ সঠিকভাবে ঈদ উদ্যাপন করতে পারছে না।
সোমবার ঈদুল আজহার সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, সারা দেশের বেশির ভাগ এলাকা বন্যা কবলিত, ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। ডেঙ্গু নিয়ে বেশির ভাগ মানুষ আতঙ্কিত। মানুষের মনে ঈদের আনন্দ নেই।
বিএনপি পরিবারের মধ্যেও ঈদের আনন্দ নেই উল্লেখ করে তিনি আরও বলেন, জনগণের প্রতি এই সরকারের দায়বদ্ধতা নেই বলেই সবক্ষেত্রে অব্যবস্থা ও নৈরাজ্য চলছে। ট্রেনে শিডিউল বিপর্যয় ও মহাসড়ক-সড়কে ব্যাপক যানজট সৃষ্টির পেছনে সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করেন তিনি।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রতি বছর ঈদের দিনে জিয়াউর রহমানের কবরে ফুল দিতেন উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, অন্যায়ভাবে তাদের নেত্রীকে কারাবন্দী করে রাখা হয়েছে।
কবর জিয়ারতের সময় আরও উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব হাবিবউন নবী খান সোহেল প্রমুখ।