সরকারবিরোধী আন্দোলনে হংকংয়ে শতাধিক ফ্লাইট বাতিল

সরকারবিরোধীদের বিক্ষোভের কারণে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, বিমানবন্দরে কয়েক হাজার বিক্ষোভকারী অবস্থান নিয়েছেন। বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

কর্তৃপক্ষ বলছে, বিমানবন্দরের যেসব ফ্লাইটের যাত্রীদের চেকড-ইন হয়নি সেসব ফ্লাইট সোমবারের জন্য বাতিল করা হচ্ছে।

তবে যেসব ফ্লাইটের যাত্রীদের চেকিং হয়ে গেছে সেগুলো চালু রাখা হচ্ছে এবং যেসব ফ্লাইট হংকং বিমানবন্দরে নামার কথা রয়েছে সেগুলোকেও অবতরণ করতে দেওয়া হচ্ছে।

চীনে বন্দি প্রত্যর্পণ নিয়ে দুই মাস আগে প্রস্তাবিত একটি বিল বাতিলের দাবিতে উত্তাল হয়ে ওঠা হংকংয়ের বিক্ষোভ এখন স্বাধীনতা আন্দোলনের রূপ নিয়েছে।

১৯৯৭ সালে ব্রিটিশদের কাছ থেকে নিয়ন্ত্রণ নেওয়ার পর এবারই সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে চীনকেও। বিক্ষোভ দমাতে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিলেও, চীন এখনও সেনাবাহিনী নামানো কিংবা অন্য কোনো পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেয়নি।