দিল্লিতে ঈদের দিন কাশ্মীরিদের পাশে পণ্ডিতরা

কাশ্মীরি পণ্ডিতদের একটি দল দিল্লিতে অন্য ধরনের সম্প্রীতির নজির দেখালো। ভারতের রাজধানীতে থাকা কাশ্মীরিদের তারা ঈদুল আজহা উপলক্ষে আপ্যায়ন করিয়েছেন। ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় যন্তর মন্তরে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

সপ্তাহখানেক আগে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয় ভারত। এর পর থেকে পুরো অঞ্চলটি যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

পড়াশোনা ও পেশার কারণে জম্মু ও কাশ্মীরের অনেক মানুষ ছড়িয়ে আছে দেশজুড়ে। যোগাযোগ ব্যবস্থা সচল না হওয়ায় ঈদের দিন অনেকে আত্মীয়-স্বজনদের সঙ্গে ফোনেও কথা বলতে পারেননি।

এই অবস্থায় দিল্লিতে কাশ্মীরিদের নিয়ে বেশ কয়েকটি ঈদ মিলনমেলা হয়। সেখানে অনেকে খাবার-দাবার নিয়ে স্বদেশিদের সঙ্গে অনুভূতি ভাগাভাগি করে নেন। যার একটি কাশ্মীরি পণ্ডিতদের এই ব্যতিক্রমী উদ্যোগ।

কয়েক দশক আগে কাশ্মীরি পণ্ডিতদের অনেকে সহিংসতার কারণে অঞ্চলটি ছেড়ে আসে। উদ্যোক্তাদের একজন পঙ্কজ ধর জানান, এক সময় কাশ্মীরে তাদের বসত ছিল। তিনি ভালো করেই জানেন, বাড়ি থেকে দূরে থাকতে- বিশেষ করে উৎসবের সময় কেমন লাগে। এই কথা চিন্তা করে কয়েকজন মিলে কাশ্মীরি ভাই-বোনদের জন্য দুপুরের খাবারের আয়োজন করেন। তাদের সঙ্গে সংহতি জানাতেই এই উদ্যোগ। আশা করেন শিগগিরই অবস্থার উন্নতি হবে।

যন্তর মন্তরে একই ধরনের আরেকটি আয়োজন হয় সোমবার বিকেলে। সেখানে বিভিন্ন বিশ্বাস ও মতাদর্শের লোক জড়ো হন। তারা খাবার নিয়ে আসেন, নিজেদের গল্প ও ঈদের অভিজ্ঞতা ভাগাভাগি করেন।

আয়োজকদের একজন সারিকা আমিন জানান, পরিবার থেকে বিচ্ছিন্ন থেকে ঈদ উদ্‌যাপন একটু কঠিন। তাই তারা এখানে এক হয়েছেন। আশা করছেন ছাত্র, পেশাজীবী যারা এসেছে- কিছুটা হলেও সান্ত্বনা পাবেন।

এদিকে সোশ্যাল মিডিয়ায় অনেকে নিজেদের বাড়িতে কাশ্মীরিদের ঈদ পালনের আমন্ত্রণ জানিয়েছেন।