খুলনায় ডেঙ্গুতে ঢাকার পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু

খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. রাসেল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তিনি মারা যান।

মৃত রাসেল গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার নারিকেলবাড়ী গ্রামের মোহাম্মদ সেলিমের ছেলে।

রাসেল ঢাকার রমনা পার্কে ক্লিনারের কাজ করতেন।

খুমেক হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. পার্থ প্রতিম দেবনাথ জানান, রাসেল ডেঙ্গু জ্বর নিয়ে সম্প্রতি গোপালগঞ্জের একটি হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে সেখান থেকে রবিবার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তিনি মারা যান।

এদিকে খুলনার সিভিল সার্জন ডাক্তার এ এস এম আব্দুর রাজ্জাক জানান, খুলনায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ৪৪৭ জন। এর মধ্যে ৩০৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১৪২ জন। এই ১৪২ জন এর মধ্যে নতুন রোগী ১৭ জন। এ পর্যন্ত ডেঙ্গু জরে আক্রান্ত হয়ে একজন বৃদ্ধাসহ মারা গেছেন ৪ জন।