দুই উপায় ছাড়া খালেদা জিয়ার মুক্তির পথ নেই: হানিফ

কারাবন্দী খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে বিএনপি নেতাদের উদ্দেশ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, সোজা পথে আন্দোলন করে যদি কাজ না হয় তবে বাঁকা পথ খোঁজার চেষ্টা করেন না। কারণ বাঁকা পথের ষড়যন্ত্র কীভাবে দমন করতে হয় তা আমরা জানি। হানিফ বলেন, আইনি লড়াই আর রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া ছাড়া বেগম জিয়ার মুক্তির কোন পথ নেই।

মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে নব নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধনকালে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, আত্মত্যাগ ছাড়া বেগম খালেদা জিয়ার মুক্তি হবে না, বিএনপি নেতৃবৃন্দের এমন মন্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, যে দলের শীর্ষ নেত্রী লোভ সামলাতে পারেনি, এতিমের টাকা আত্মসাৎ করেছে, সেই দলের নেতারা কীভাবে আত্মত্যাগ করবে। সেই মানসিকতা নেই তাদের।

জেলা প্রশাসক আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই ভাস্কর্য উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কুষ্টিয়ার দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশা, কুষ্টিয়ার কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত। জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যটি নির্মিত হয়।