শোক ভুলে পুত্রবধূকে আবার বিয়ে দিলেন শ্বশুর

পুত্রশোক ভুলে বিধবা পুত্রবধূকে নতুন করে বিয়ে দিয়েছেন তিনি। ছেলের বউকে বিয়ে দিতে সব ধরনের আয়োজন করেন তিনি একাই। মুকুন্দ মাইতি নামের এ ব্যক্তি ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা।

জি নিউজ জানায়, বাড়জিশুয়া গ্রামের মুকুন্দ মাইতির ছেলে অমিতের সঙ্গে বিয়ে হয়েছিল উমার। মহীশূরে এক গয়নার দোকানের কর্মচারী ছিলেন অমিত। বিয়ের কয়দিন পরেও কর্মস্থলে ফিরে যান তিনি। কিন্তু কিছুদিন পর  ডিসেম্বরে সেখান থেকে ফেরার পথে ট্রেনে অসুস্থ হয়ে মারা যান অমিত।

ট্রেন থেকে তাকে নামিয়ে হাসপাতালে ভর্তি করানো হলেও বাঁচানো যায়নি এ তরুণকে। তার মৃত্যুতে ভেঙে পড়ে পুরো পরিবার। বিধবা হয়ে যায় ১৯ বছর বয়সী স্ত্রী উমাও।

এমন পরিস্থিতিতে উমাকে আবার বিয়ে দেওয়ার উদ্যোগ নেন মুকুন্দ মাইতি। পুত্রবধূর জন্য খুঁজে পান উপযুক্ত পাত্রও। উমাও সব জেনে বুঝে এই বিয়েতে রাজি হয়।

সোমবার ধুমধাম করে সেই বিয়ের আয়োজন সম্পন্ন হয়। মন্দিরে নিজে উপস্থিত থেকে উমাকে বিয়ে দেন তার শ্বশুর। বিয়েতে ছিল বিপুল খাওয়া দাওয়াও। অতিথিদের খাওয়ানো হয় মাছ, মাংস, চিংড়ির পোস্ত, দই, মিষ্টিসহ অনেক কিছু।  

এ দিকে এমন বিয়ে নিয়ে পুরো এলাকা সাড়া পড়ে গেছে। মুকুন্দ মাইতির এমন প্রশংসিত উদ্যোগ সবার মুখে মুখে ফিরছে।

এ প্রসঙ্গে মুকুন্দ বলেন, 'মেয়েটার সামনে গোটা একটা জীবন পড়ে আছে। এতটুকু মেয়ের ওপর আমি এত ভারী শোকের বোঝা চাপিয়ে দিতে পারি না। তাই কষ্ট হলেও আমি এমন সিদ্ধান্ত নিয়েছি'।