পাকিস্তান এবার দেশটির স্বাধীনতা দিবস কাশ্মীরিদের প্রতি সহমর্মিতা জানিয়ে পালন করছে। দিবসটি উদযাপনে বুধবার আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদ যাচ্ছেন প্রধানমন্ত্রী ইমরান খান।
আজাদ কাশ্মীরের আইনসভায় তিনি বক্তব্য দেবেন বলে রেডিও পাকিস্তানের বরাত দিয়ে জানিয়েছে ডন।
ইতোমধ্যে আলাদাভাবে গত রবিবারই আজাদ কাশ্মীর পৌঁছেছেন পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এবং পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো। তারা সেখানে একসঙ্গে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।
ভারতীয় জনতা পার্টি-বিজেপি ভারত শাসিত কাশ্মীরের সাংবিধানিক স্বায়ত্তশাসন ও রাজ্যের মর্যাদা কেড়ে নিলে এবারের স্বাধীনতা দিবস কাশ্মীরিদের প্রতি সহমর্মিতা জানিয়ে পালন করার ঘোষণা দেয় পাকিস্তান।
গত ৫ ডিসেম্বর কাশ্মীরের সাংবিধানিক বিশেষ মর্যাদা ও রাজ্যের মর্যাদা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে ভারত শাসিত কাশ্মীরকে জম্মু-কাশ্মীর ও লাদাখ দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবেও ভাগ করে ফেলা হয়।
এ ঘটনাকে ঘিরে বুধবার দশম দিনের মতো নজিরবিহীন কারফিউতে অবরুদ্ধ রয়েছে ভূ-স্বর্গ খ্যাত কাশ্মীর। কারফিউর কারণে এবার সেখানকার মুসলিমরা ঈদুল আজহার নামাজ পড়তে পারেনি এবং কোরবানিও দিতে পারেনি।