ভয়াবহ বন্যায় বিধ্বস্ত ভারতের কেরালা। সামর্থ্য অনুযায়ী যে যার মতো করে দাঁড়াচ্ছেন বন্যার্তদের পাশে। তবে নিজের দোকানের সব পণ্য বন্যার্তদের দিয়ে নায়ক বনে গেছেন সেখানকার পোশাক ব্যবসায়ী এম নওশাদ।
কেরালার এর্নাকুলামের নওশাদ গোটা দোকান থেকে জামা-কাপড় খালি করে তা পাঠালেন বন্যা কবলিত অঞ্চলের মানুষজনের জন্য।
ফেসবুকে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে- দোকান থেকে একের পর এক জামা-কাপড় বের করছেন ৫২ বছরের নওশাদ। ফিল্মস্টার থেকে রাজনৈতিক নেতারা সবাই শেয়ার করেছেন ওই ভিডিও।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানায়, নওশাদের এই উদ্যোগ দেখে কিছু মানুষ তাকে সাহায্য করতে চেয়েছিলেন। কিন্তু সাহায্য ফিরিয়ে দেন নওশাদ।
তিনি বলেন, “আমি এই কাজ প্রতিনিয়ত করে থাকি। গতবার বন্যার সময়েও ত্রাণ তহবিলে জামা-কাপড় পাঠিয়ে আমি মানুষজনের পাশে দাঁড়িয়েছিলাম। এবার কেউ একজন এই ভিডিও তৈরি করেছে। আমার নিজের পাবলিসিটি একেবারেই পছন্দ নয়। আমার মনে হয় এটাই আমার কাজ।”
কেরালার চিত্রতারকা জয়সূর্য্য নওশাদকে ‘আসল হিরো” বলে আখ্যা দিয়েছেন। কেউ আবার তাকে আশীর্বাদ জানিয়ে বলছেন, “বিগ স্যালুট ভাই!”
এছাড়া কেরালার পূর্তমন্ত্রী জি সুধাকরণ, এর্নাকুলামের জেলা প্রশাসক এস সুহাস এবং অভিনেতা আসিফ আলি নওশাদের ভূয়সী প্রশংসা করেছেন। কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে শৈলজা সামাজিক মাধ্যমে নওশাদের ছবি পোস্ট করে সবাইকে ইদের শুভেচ্ছা জানান।
তবে ঈদে আনন্দে মন নেই জানিয়ে নওশা বললেন, “লোকজন ওদিকে বন্যায় কষ্টে দিনযাপন করছেন। আর আমি এদিকে আনন্দ করব!”