সৌমিত্র চট্টোপাধ্যায় গুরুতর অসুস্থ

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন পশ্চিম বঙ্গের অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বুধবার সকালে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন সত্যজিৎ রায়ের একাধিক সিনেমার এই অভিনেতা। তার বয়স বিবেচনায় রেখে শারীরিক অবস্থা খতিয়ে দেখছেন চিকিৎসকেরা।

ইতিমধ্যেই সৌমিত্রের চিকিৎসার জন্য চার চিকিৎসকের একটি টিম করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

বুধবার ভোরের দিকে শ্বাসকষ্ট শুরু হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের। এ নিয়ে তার ছেলে সৌগত চট্টোপাধ্যায় বলেন, “দ্রুত খবর দেওয়া হয় পারিবারিক চিকিৎসককে। তার পরামর্শেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাবাকে। আইসিইউ-তে ভর্তি করা হয়। বাবার ফুসফুসে সংক্রমণ রয়েছে।’ ’

সৌমিত্রের মেয়ে পৌলমী বসু জানান, এই কিংবদন্তি অভিনেতা দীর্ঘদিনই সিওপিডি-তে আক্রান্ত। এখন শরীরে সোডিয়াম পটাশিয়ামের ঘাটতি ধরা পড়েছে।