ভারতের কাশ্মীর নিয়ে চলমান সমস্যার সমাধান আলোচনার মধ্য দিয়ে চায় বিএনপি।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে দলের পক্ষ থেকে এক বিবৃতিতে এমনটা জানান।
বিএনপির বিবৃতিতে বলা হয়, উপমহাদেশের অভিন্ন ইতিহাসের কারণে বাংলাদেশের জনগণ বরাবরই এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার প্রত্যাশী। গণমাধ্যম সূত্রে অবহিত হয়ে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের কাশ্মীর রাজ্যের বর্তমান যোগাযোগ বিচ্ছিন্ন পরিস্থিতি উদ্বেগ ও উৎকণ্ঠার সঙ্গে নিবিড়ভাবে বিএনপি পর্যবেক্ষণ করছে।
বিএনপির পক্ষ থেকে বলা হয়, ইতোমধ্যে জাতিসংঘ সব পক্ষকে সংযম প্রদর্শনের যে আহ্বান জানিয়েছে, তা সময়োচিত। সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধান তৈরির যে প্রস্তাব জাতিসংঘ মহাসচিব দিয়েছেন তাও বাস্তবসম্মত বলে বিএনপি মনে করে।
বিবৃতিতে বলা হয়, যেকোনো সমস্যা সংশ্লিষ্ট পক্ষরাই আলোচনার মাধ্যমে সমাধান করতে পারেন। ভারতের বর্তমান নির্বাচিত সরকার তার সংবিধানের অন্তর্নিহিত চেতনানুযায়ী সব নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করেই চলমান সমস্যার সমাধান করবে বলেও বিএনপি বিশ্বাস করে। কাশ্মীর সমস্যা সমাধান এ অঞ্চলের শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও নিরাপত্তা অব্যাহত রাখার প্রক্রিয়া তরান্বিত করবে বলে বিএনপি গভীর আশাবাদ ব্যক্ত করছে।