নবম ওয়েজ বোর্ড: রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি ১৯ আগস্ট

ছাপা পত্রিকার সাংবাদিক, সংবাদপত্রের সঙ্গে জড়িত কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে গঠিত নবম ওয়েজ বোর্ড নিয়ে প্রকাশিতব্য গেজেটের (প্রজ্ঞাপন) ওপর হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থার আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি হবে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে।

আবেদনটি বুধবার সুপ্রিম কোর্টের চেম্বার আদালতের বিচারপতি মো. নুরুজ্জামানের কাছে উপস্থাপন করা হলে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ১৯ আগস্ট (সোমবার) শুনানির জন্য ধার্য করা হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। অন্যদিকে এ বিষয়ে রিটকারী নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) পক্ষে ছিলেন আইনজীবী এ এফ হাসান আরিফ।

নোয়াবের সভাপতি ও দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের করা রিট আবেদনের প্রেক্ষিতে শুনানি নিয়ে নবম ওয়েজ বোর্ডের জন্য প্রকাশিতব্য গেজেটের ওপর গত ৬ আগস্ট দুই মাসের স্থিতাবস্থার আদেশ দেয় বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। এ আদেশের ফলে এই সময়ের মধ্যে নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশ করা যাবে না বলে ওই দিন জানান সংশ্লিষ্ট আইনজীবীরা। আদালতে নোয়াবের পক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইয়াসমিন বেগম বিথী।

স্থিতাবস্থার পাশাপাশি পাশাপাশি রুল দেয় হাইকোর্ট। রুলে নবম ওয়েজ বোর্ড চূড়ান্ত করতে অংশীজনদের (নোয়াব) সুপারিশ ও আপত্তি বিবেচনায় না নেওয়াকে কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয়। চার সপ্তাহের মধ্যে মন্ত্রী পরিষদ সচিব, মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক, তথ্য সচিব, শ্রম সচিব ও নবম ওয়েজ বোর্ডের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয় আদেশে।