ভারতের পর ঠিক হবে বাংলাদেশের কোচ!

বাংলাদেশের কোচ হিসেবে স্টিভ রোডসের উত্তরসূরি কে হচ্ছেন, এই প্রশ্নের উত্তর মিলতে পারে দুদিনের মধ্যেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সময়ের মধ্যেই কোচ চূড়ান্ত করতে চায়।

গত জুলাইয়ে বিশ্বকাপের পরই স্টিভ রোডসকে ছাঁটাই করে বিসিবি। এরপর থেকেই কৌতূহল কে হচ্ছেন টাইগারদের নতুন কোচ। শ্রীলঙ্কা সফরে দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন খালেদ মাহমুদ সুজন। সামনে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। এর পরপরই আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে রয়েছে ত্রিদেশীয় সিরিজ। এর আগেই যে নতুন কোচ পাচ্ছে টাইগাররা তা জানা গিয়েছিল আগেই।

এরই মধ্যে টাইগারদের কোচ হিসেবে সাক্ষাৎকার দিয়ে গেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। তবে সবচেয়ে বেশি যে নামটা উচ্চারিত হয়েছে সেটি- মাইক হেসন। নিউজিল্যান্ড সাবেক এই কোচ বুধবার ঢাকায় আসবেন বলেও শোনা যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি আসেননি।

হেসন ভারতের সম্ভাব্য তালিকাতেও আছেন। শুক্রবার বিসিসিআই সাক্ষাৎকার নেবে কোচ হিসেবে আবেদনকরীদের। হতে পারে এরপরই বিসিসি চূড়ান্ত করবে টাইগারদের কোচ।

যদিও বুধবার ভারতের কোচ নিয়োগের সঙ্গে বাংলাদেশের কোচ নিয়োগের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনূস।

সংবাদমাধ্যমকে জালাল ইউনূস বলেন, ‘দুদিনের মধ্যে আমরা হয়তো সিদ্ধান্ত নিয়ে ফেলব। বেশি দিন অপেক্ষা করতে চাই না। কেউ ঝুলিয়ে রাখলে আমরা তো ঝুলে থাকতে পারব না। অন্য দল কাকে নিচ্ছে, সেদিকেও তাকানোর ব্যাপার নেই।’

কোচ নিয়োগের জন্য নানা দিক বিবেচনা করা হচ্ছে বলেই সময় লাগছে বলে জানান বোর্ডের প্রভাবশালী এই কর্তা, ‘আফগানিস্তান সিরিজের আগে আমরা কোচ চাই। কোচ চূড়ান্ত করার আগে অনেক বিষয় আছে। কেউ যদি বলে ১০০ দিন কাজ করব, সেটায় আমরা রাজি নই। এসব বিষয় চূড়ান্ত করতে যা একটু দেরি হচ্ছে। আশা করি দুদিনের মধ্যে হয়ে যাবে।’

এদিকে বুধবার টেলিকনফারেন্সের মাধ্যমে দুজন কোচের সাক্ষাৎকার নিয়েছে বিসিবি। যদিও তাদের নাম জানা যায়নি।