বৃষ্টিতে ভেসে গেল লর্ডস টেস্টের প্রথম দিন

অ্যাশেজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন পুরোটাই বৃষ্টিতে ভেসে গেছে। বুধবার লর্ডসে স্বাগতিক ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচের টসও হতে পারেনি।

সকাল থেকেই ছিল বৃষ্টির বাগড়া। তবে বৃষ্টি থামার পর একপর্যায়ে স্থানীয় সময় বেলা সাড়ে তিনটায় খেলা মাঠে গড়ানোর সময় নির্ধারণ হয়। কিন্তু বৃষ্টি ফের বাগড়া বসালে তা হতে পারেনি।

টস যেমন হতে পারেনি, তেমনি দুই দল অফিশিয়ালি একাদশও দেয়নি। তবে জফরা আর্চারকে এদিন ইংল্যান্ডের টেস্ট ক্যাপ পরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ লর্ডসে যে তার ইংল্যান্ডের হয়ে টেস্টে অভিষেক হচ্ছে এটা নিশ্চিত। ওয়েস্ট ইন্ডিজে জন্ম নেওয়া এই ক্রিকেটার ইংল্যান্ডের হয়ে এরই মধ্যে ১৪টি ওয়ানডে খেলে ফেলেছেন।

আর্চারের অনুরোধে এদিন তাকে টেস্ট ক্যাপ পড়িয়ে দেন ক্রিস জর্ডান। আর্চারের মতোই যিনি বার্বাডোজে জন্ম গ্রহণ করেছেন। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন ইংল্যান্ডের হয়ে।

সিরিজে ১-০ তে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড। এজবাস্টনে ৫ ম্যাচ সিরিজের প্রথমটি ২৫১ রানে জিতে নেয় অস্ট্রেলিয়া।

একদিন পুরোটাই বৃষ্টিতে ভেসে যাওয়া মানে পুরো ৯০ ওভার পণ্ড হওয়া। টেস্টের পরবর্তী চার দিন তাই ৮ ওভার করে অতিরিক্ত খেলা হবে।