লালবাগে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর লালবাগের পোস্তা এলাকায় বুধবার রাতে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুনের কারণ ও এতে হতাহতের কোনো খবর জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, রাত পৌনে ১১টার দিকে পোস্তা ওয়াটার অক্সফোর্ড রোড এলাকার একটি প্লাস্টিক সামগ্রী তৈরির কারখানায় এ আগুনের সূত্রপাত। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।

এসময় ফায়ার সার্ভিস, পুলিশ ও র‌্যাব সদস্যরা ভবনটির আশপাশের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান তিনি।

আতাউর রহমান আরও জানান, কারখানার ভেতরে কেউ আটকা পড়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ধারণা, ঈদের বন্ধের কারণে হয়তো কারখানার ভেতরে কেউই ছিল না।

স্থানীয়দের কেউ কেউ বলছেন, ট্রান্সফরমার বিস্ফোরণে আগুনের সূত্রপাত। তবে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বাবুল মিয়া জানান, আগুনের কারণ তদন্তের আগে বলা যাচ্ছে না।

দেশ রূপান্তরকে তিনি আরও জানান, রাত সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্লাস্টিকের কারখানা হওয়ায় সেখান থেকে ধোঁয়া উড়ছে। আগুন সম্পূর্ণ নির্বাপন হতে সময় লাগবে।